Featured Books
বিভাগ
শেয়ারড

ত্রিশক্তি: তিন জগতের রহস্য ( Episode 5 )


পর্ব ৫ 


যুবলোক না নড়ে বললেন,"  আপনারা যান। আমি পরে যাব উপযুক্ত মনে করলে। "

কিছুসময় কেটে গেল। এবার একটা ফাঁকা জমি দূর থেকে দেখিয়ে অজৌমানি বললেন,"  ঐ দেখুন। "

দুজন বিস্ফোরি চোখে তাকিয়ে বললেন,"  আরে এটা হল কি করে ? "

অজৌমানি বললেন,"  এই জন্যই তো বলছিলাম চমক আছে। "

ঘটনাটা অবিশ্বাস্য হলেও সত্য হস্তগতর বাড়ি যে জমির উপর ছিল সেটা সম্পূর্ণ উধাও হয়ে গেছে রাতারাতি !

" দাঁড়ান, যুববাবুকে ডেকে আনছি,"  স্বাধীনতায়া বললেন।

অজৌমানি বাধা দিয়ে বললেন ," ওনাকে এখনই ডাকবেন না । চলুন আগে গিয়ে জানাই ঘটনাটা। "

গাঙবিল মাথা নেড়ে বললেন ," তবে তাই হোক। চলুন চলুন। "

তিনজন পা চালালেন। কিছুটা এগিয়ে দেখলেন যুবলোক এগিয়ে আসছেন।

অজৌমানি বললেন,"  কি ব্যাপার, আপনি তো আসতে চাইছিলেন না। "

" চলে এলাম । কি হয়েছে ? ,"  যুবলোক জিজ্ঞেস করলেন। 

" আগে চলুন গিয়েই দেখবেন। তবে ভয় নেই হার্ট অ্যাটাক হবে না,"  স্বাধীনতায়া বললেন।

" কি হয়েছে সেটা তো বলবেন,"  যুবলোক পা চালিয়ে এগিয়ে গেলেন।

তিনজনও চলতে লাগলেন।

কিছুটা এগোতেই যুবলকের মুখ থেকে বেরিয়ে এলো বিস্ময়ভরা উক্তি ," একি , এসব কি হয়েছে ? "

হস্তগতর ফাঁকা জমির সামনে চলে এলেন যুবলোক। চারপাশ তাকিয়ে বললেন,"  বাড়িটা কোথায় গেল ? ভদ্রলোকই বা কোথায় ? "

" সেটাই তো বলছি। এসব এখানে কি হচ্ছে ? ,"  গাঙবিল বললেন।

" আমার তো একদমই বিশ্বাস হচ্ছে না,"  যুবলোক বললেন।

" ভদ্রলোকের সঙ্গে আলাপ ছিল ? ,"  স্বাধীনতায়া জিজ্ঞেস করলেন।

" একবার কথা বলেছিলাম। আমায় বাড়িতে ডেকে চা খাইয়েছিলেন,"  যুবলোক বললেন।

" আমিও একবার ওনার বাড়ি গিয়েছিলাম। একটা কাজে হেল্প করেছিলেন,"  অজৌমানি বললেন।

" কিজন্য গিয়েছিলেন ? ,"  গাঙবিল জিজ্ঞেস করলেন।

" আমার দাদুর একটা অস্পষ্ট ছবি ছিল। সেটাকেই স্পষ্ট করার জন্য ওঁর কাছে গিয়েছিলাম ," অজৌমানি বললেন।

" এখন তো স্টুডিওতে গেলেই এসব জলভাত। এআইয়ের যুগে কিছুই অসম্ভব নয়,"  যুবলোক বললেন।

" জানি, তবু গিয়েছিলাম হাতের কাজ ওনার ভালো বলে। "

" আপনার সঙ্গে তো তার মানে ওনার ভালই আলাপ ছিল,"  স্বাধীনতায়া বললেন। 

" যেদিন ওনার বাড়িতে প্রথম গিয়েছিলাম উনি বলেছিলেন ওনার পেশা মানচিত্র আঁকা, "  অজৌমানি বললেন। 

" হ্যাঁ, আমাকেও বলেছিলেন বটে,"  যুবলোক বললেন। 

" কিন্তু ওনার সর্বক্ষণের কর্মচারীটিই বা গেল কোথায়?,"  গাঙবিল প্রশ্ন করলেন।

" গতকাল বিকেলে ওঁকে দেখেছিলাম দেশে যাচ্ছেন,"  স্বাধীনতায়া বললেন।

" ওনার দেশ কোথায়  ? ," গাঙবিল জিজ্ঞেস করলেন।

" তা জানিনা, তবে আমায় বলেছিল দুদিন পর ফিরবে,"  স্বাধীনতায়া বললেন। 

" চলুন, জমিটার ভেতরে ঢুকি,"  অজৌমানি বললেন। 

" চলুন চলুন,"  যুবলোক বললেন।

চারজন রাস্তা থেকে নেমে গেটের কাছে এলেন। তালাবন্ধ নয়।

কিন্তু লোহার গেটের গায়ে হাত দিতেই ছিটকে পড়লেন অজৌমানি। মাটিতে বসে পড়লেন। মাথায় হাত বুলোতে লাগলেন।

যুবলোক জিজ্ঞেস করলেন ," কি হয়েছে ? "

" এই বাড়িতে ঢোকা যাবে না,"  অজৌমানি উঠে দাঁড়ালেন।

" কেন ? ,"  স্বাধীনতায়া জিজ্ঞেস করলেন।

" চেষ্টা করে দেখুন। "

যুবলোক এবার গেট খোলার জন্য সবে হাত দিয়েছেন এমন সময় তাঁকেও ছিটকে পড়তে হল।

ভয়ে যুবলোক বাড়ির দিকে তাকিয়ে রইলেন। তাঁর শরীর বেয়ে ঘাম ঝরতে লাগল।

" এবার বুঝতে পারলেন ? ,"  অজৌমানি বললেন।

গাঙবিল, স্বাধীনতায়া পরপর চেষ্টা করলেন গেট খুলতে কিন্তু তাঁদের স্থান হল ভূমিতে।

কিছুসময় কেটে যাবার পর গাঙবিল বললেন,"  ভদ্রলোক কোনও সাধারণ ব্যক্তি ছিলেন না। "

" একেবারে আলাদা আমাদের তুলনায় ," স্বাধীনতায়া বললেন।

" দাঁড়ান, আরেকবার চেষ্টা করা যাক,"  যুবলোক বললেন।

এবার যুবলোক একটা ঢিল নিয়ে ছুঁড়লেন জমির দিকে । ঢিলটা জমির উপর পড়ল।

অজৌমানি বললেন,"  যে অদৃশ্য ব্যক্তি আমাদের আটকেছেন তিনি এবার বাধা দেননি। "

স্বাধীনতায়া প্রশ্ন করলেন,"  অদৃশ্য ব্যক্তি ?  এখানে আবার অদৃশ্য ব্যক্তি আসছে কোত্থেকে ? "

" কেন  ? আপনি টের পাননি ? ,"  গাঙবিল প্রশ্ন করেন।

" বাতাসে ছিটকে পড়েছি। এখানে অদৃশ্য ব্যক্তি আসবে কেন ? "

" তাহলে আপনি টের পাননি কিছুই ," যুবলোক বললেন।

" চলুন এখানে আর সময় নষ্ট করার কোনও মানেই হয় না ," অজৌমানি বললেন।

" ঠিক ঠিক,"  বাকিরা সহমত পোষণ করলেন। 


                                     (৫)

" ঐরাসোম "-- এটা একটা বাড়ি। " ছায়ারূপ "-এর সমস্ত নাগরিকদের এখানে জীবনে দুবার করে আসতেই হয়।

আসলে এখানে জন্ম মৃত্যুর নথিবদ্ধকরণ হয়। আজ সকাল থেকেই এর সামনে ভীড় বেড়েছে। কেউ কৌতূহলী , কেউ প্রমাণ চান আবার কেউবা স্রেফ দৃশ্যটা দেখতে এসেছেন।

শহর জুড়ে ইতিমধ্যে প্রচারিত হয়ে গেছে একটা আস্ত বাড়ি নাগরিক সমেত গায়েব !  এই বাড়ি থেকেও অবশ্য বেশি ভীড় সেই জমির সামনে যেখানে বাড়িটা দাঁড়িয়ে ছিল।

বাড়িতে বাড়িতে , পাড়ার মোড়ে মোড়ে আলোচনা চলছে--  এটা হল কি করে ? আমরা বাস্তবের পৃথিবীতে বাস করি সেখানে ম্যাজিক শুধু বিনোদন মাত্র। কিন্তু আস্ত একটা বাড়ি শহর থেকে রাতারাতি উধাও হয়ে গেছে মানুষের কোনও প্রচেষ্টা ছাড়া এটা মেনে নেওয়া কোন সুস্থ মস্তিষ্কের মানুষের পক্ষেই সম্ভব নয়। কিন্তু বাস্তবে সেটাই ঘটেছে!

শহরের নাগরিকেরা আতঙ্কিত, বিভ্রান্ত , উত্তেজিত। কেউই কারোর কথা শুনতে চাইছেন না। সবারই নিজস্ব মতামত আছে এবং সেটা অন্যকে মানতেই হবে!  গোলমাল আর ঝামেলা , মানুষজন সমস্ত কাজকর্ম ফেলে দিয়ে শুধুই একই আলোচনায় ব্যস্ত। 

" ঐরাসোম"-এর প্রধান কর্তা  ' বল্কাগেম '। তিনি তাঁর সঙ্গীদের সঙ্গে আলোচনায় বসেছেন সাম্প্রতিক কাজকর্ম কাজকর্ম নিয়ে। এই সময় পিওন এলো।

বল্কাগেম জিজ্ঞেস করলেন,"  কি হয়েছে ? "

পিওন একটা কাগজ এগিয়ে দিলেন। তাতে লেখা--'  আপনার সাক্ষাৎপ্রার্থী। তলার স্বাক্ষর মোহগ্রস্ত। '

বল্কাগেম সঙ্গে সঙ্গে উঠে পড়লেন। তারপর পা চালিয়ে এগিয়ে গেলেন দরজার দিকে, উপস্থিত কর্মীবৃন্দ পরস্পর মুখ চাওয়াচাওয়ি করলেন।


কিছু সময় কেটে যাবার পর পিওন উপস্থিত হয়ে জানাল,"  স্যার আপনাদের ডেকেছেন।। "

সবাই উঠে পড়লেন। একে একে তারা কয়েকটা ঘর পেরিয়ে প্রধান কর্তার ঘরে গেলেন।

বল্কাগেম বললেন,"  এনাকেই আমরা খুঁজছিলাম। ইনিই মোহগ্রস্ত। "

মোহগ্রস্ত বললেন,"  আমি একটা খবর দিতে চাই। "

বল্কাগেম বললেন,"  বলুন। "

" আমার পুরনো মালিক বেপাত্তা হয়ে গেছেন । এখন তাঁর স্থানে যাঁকে দেখছি তিনি অপরিচিত । ঐ বাড়িতে তাঁকে কোনওদিনই দেখিনি,"  মোহগ্রস্ত বললেন।

" তাই নাকি ?  নতুন লোক এসেছেন ?  কোথায় তিনি ?," এক কর্মচারী জিজ্ঞেস করলেন।

" বাড়িতে আছেন। "

" কি ?  ঐ বাড়ির তো কোনও অস্তিত্বই নেই ," বল্কাগেম উত্তেজিত গলায় বললেন।

" কে বলেছে ?  আমি তো ঘুরে এলাম,"  মোহগ্রস্ত স্বাভাবিক গলায় বললেন। 

বল্কাগেম আরও উত্তেজিত হয়ে পড়লেন ," চ্যাংড়ামো হচ্ছে, এটা অফিস আড্ডাখানা নয়। "

" আপনার বিশ্বাস না হয় নিজে গিয়ে দেখে আসুন। "

বল্কাগেম চেয়ারে বসে পড়লেন। মাথায় হাত বুলোতে বুলোতে বললেন ," শহরটা সব পাগলে ভরে গেছে। "

এইসময় বাইরে তুমুল হইহট্টগোল শোনা গেল।

পিওন এসে বললেন ," লোকজন ঢুকতে চাইছে। ওদের আটকানো যাচ্ছে না। "

বল্কাগেম এবার উঠে পড়লেন,"  চলো কি হয়েছে দেখি। "

অফিসের বাইরে এসে দেখলেন লোকজন উচ্চস্বরে কথা বলে চলেছে। বল্কাগেমকে দেখেই তাঁরা থেমে গেলেন।

একজন বললেন ," আমরা আর এই শহরে নিরাপদ বোধ করছি না। "

আরেকজন বললেন,"  অশুভ শক্তির কাজকর্ম পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে। "

বল্কাগেম জিজ্ঞেস করলেন,"  কি হয়েছে ? "

" ভূতের আবির্ভাব হয়েছে। শহর জুড়ে ভূতেরা ঘুরে বেড়াচ্ছে,"  অন্য একজন বললেন। 

" হেঁয়ালি না করে আসল ঘটনাটা বলুন ," বল্কাগেম স্পষ্ট বললেন।

" ঐ বাড়িটা ফিরে এসেছে, এখন সেখানে অন্য লোককে দেখা যাচ্ছে,"  উত্তর দিলেন জনৈক ব্যক্তি।

" আপনাদের কি মাথা খারাপ হয়েছে ?  বাড়ি ভ্যানিশও হয়ে যাচ্ছে আবার ফিরেও আসছে বলছেন!"


ক্রমশ_____________